আফ্রিকার দেশ ইথিওপিয়ায় দেহরক্ষীর গুলিতে সেনাপ্রধান জেনারেল সিরে মেকননেনসহ দুইজন এবং আরেক হামলায় আরো দুইজন নিহত হন। হত্যাকান্ডের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী আবি আহমেদ এক ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের অভিযোগ এনেছেন। খবর সিএনএন ও রয়টার্সের
প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আমহারা প্রদেশের রাজধানী বাহির দারে হত্যাকান্ডের সূত্রপাত হয়। আমহারা প্রদেশের গভর্নর আম্বাচেউ মেকননেন এবং তার এক উপদেষ্টা এজেজ ওয়াসি এক হামলায় নিহত হন। কয়েক বছর ধরেই আমহারা এবং অন্যান্য অঞ্চলে জাতিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। প্রদেশের অ্যাটর্নি জেনারেল গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে সামরিক পরিচ্ছদ পরিহিত প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, একদল ভাড়াটে সেনা সেনাবাহিনীর প্রধান জেনারেল সিরে মেকননেনের ওপর হামলা চালিয়েছে। তবে সেনাপ্রধান নিহত হয়েছেন কিনা তা তখন পর্যন্ত নিশ্চিত করেননি আবি। পরে তার অফিসের বিবৃতিতে মেকননেনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়, আমহারার আঞ্চলিক নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসামিনিউ তোসিগে ওই অভ্যুত্থান প্রচেষ্টার পরিকল্পনা করেছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। আবির প্রেস সচিব নেগুসু তিলাহুন জানান, ব্যর্থ অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর সেনাবাহিনী প্রধান গুলিবিদ্ধ হন। অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরা আমহারা রাজ্য সরকারের প্রধান আম্বাচেউ মেকননেনকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিয়েছিল বলে দাবি করেন তিনি। প্রেস সচিব জানান, ষড়যন্ত্রকারীদের ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
