লিভারপুল তারকা মোহামেদ সালাহ জানিয়েছেন ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের জন্য ট্রফি জয়কে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে লিভারপুল যখন একাধিক টুর্নামেন্টে সাফল্য চেয়েছে। মিসর জাতীয় দলের এই স্ট্রাইকার গেল মৌসুমে ৪৪ গোল করে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন। তার ব্যক্তিগত সাফল্যের পরও কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল কোনো ট্রফি ছাড়াই মৌসুমটি শেষ করে। লিভারপুল তারকার লক্ষ্য তাই দলগত শিরোপা।
তিনি বলেন, ‘এ মৌসুমে আমি নিজের অর্জন নিয়ে কিছু বলতে পারি না। তবে আমার লক্ষ্য হলো ক্লাবের জন্য কিছু জয় করা। দল এবং খেলোয়াড়দের স্বার্থে এটা হবে বিরাট কিছু। এই শহর ও সমর্থকদের জন্যও এটা হলো স্বপ্ন। আমি মনে করি এই মৌসুমে আমরা কিছু একটা করে দেখাতে যাচ্ছি।’ কোচ ক্লপের দল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখনো অপরাজিত আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তাদের অবস্থান নিশ্চিত কিছু নয়। নকআউট পর্বে যেতে হলে তাদের চূড়ান্ত খেলায় নাপোলির বিরুদ্ধে জিততেই হবে।
