জিপিএ ৫ এর পরিবর্তে জিপিএ ৪ হবে প্রাথমিক সমাপনীতেও

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৩৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ বাদ দেওয়া হলে প্রাথমিক শিক্ষা সমাপনী থেকেও বাদ দেওয়া হবে।  এই পরীক্ষায়ও জিপিএ-৪-এর মধ্যে ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, পিইসি-তে বর্তমানে যে গ্রেড বিন্যাস রয়েছে তা শিক্ষা মন্ত্রণালয়ের গ্রেড বিন্যাসের সঙ্গে মিল রেখেই করা হয়েছে। জেএসসি, এসএসসি এবং এইচএসসির গ্রেড পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গে আমরাও বিন্যাস পরিবর্তন করবো। কারণ একই শিক্ষার্থী পিইসি-তে এক ধরনের গ্রেড আবার জেএসসিতে আরেক ধরনের গ্রেড পেতে পারে না।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির বৈঠকের পর পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ এর বদলে জিপিএ-৪-এর মধ্যে ফল চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে। জিপিএ-৪-এর মধ্যে এই গ্রেডিং অনেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই করা হয়েছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাস নম্বর ৪০ হলেও পাবলিক পরীক্ষায় রাখা হয়েছে ৩৩ নম্বর। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮০ থেকে ১০০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে দেওয়া হয় জিপিএ ৪।

প্রস্তাবিত একটি পদ্ধতিতে ৯০ থেকে ১০০ এর মধ্যে নম্বরকে ‘এক্সিলেন্ট’ লেটার গ্রেড হিসেবে রাখা হয়েছে, যার গ্রেড পয়েন্ট হবে ‘জিপিএ-৪’। আর ৮০ থেকে ৮৯ নম্বরকে রাখা হয়েছে ‘এ প্লাস’ গ্রেডে, যার গ্রেড পয়েন্ট হবে ‘জিপিএ ৩.৮৫’। এরপর মূলত ৫ নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড পরিবর্তন করা হয়েছে। সেখানে ৭৫ থেকে ৭৯ নম্বর পেলে লেটার গ্রেড ‘এ’ এবং গ্রেড পয়েন্ট জিপিএ ৩.৭৫; ৭০ থেকে ৭৪ নম্বরের লেটার গ্রেড ‘এ মাইনাস’ ও গ্রেড পয়েন্ট ৩.৫০; ৬৫ থেকে ৬৯ নম্বরের লেটার গ্রেড ‘বি প্লাস’ ও গ্রেড পয়েন্ট ৩.২৫; ৬০ থেকে ৬৪ নম্বরের লেটার গ্রেড ‘বি’ ও গ্রেড পয়েন্ট ৩.০০; ৫৫ থেকে ৫৯ নম্বরের লেটার গ্রেড ‘বি মাইনাস’ ও লেটার গ্রেড ২.৭৫; ৫০ থেকে ৫৪ নম্বরের লেটার গ্রেড ‘সি প্লাস’ ও গ্রেড পয়েন্ট ২.৫০; ৪৫ থেকে ৪৯ নম্বরের লেটার গ্রেড ‘ডি’ ও গ্রেড পয়েন্ট ২.২৫; ৪০ থেকে ৪৪ নম্বরের লেটার গ্রেড ‘ডি মাইনাস’ ও গ্রেড পয়েন্ট ২; ৩৫ থেকে ৩৯ নম্বরের লেটার গ্রেড ‘ই’ ও গ্রেড পয়েন্ট ১.৭৫; ৩৩ থেকে ৩৪ নম্বরের লেটার গ্রেড ‘ই মাইনাস’ ও গ্রেড পয়েন্ট ধরা হয়েছে ১.৫০। আর শূন্য থেকে ৩২ নম্বরের লেটার গ্রেড ‘এফ’, যা ফেল হিসেবে ধরা হয়েছে। তবে অন্য প্রস্তাবে ‘এক্সিলেন্ট গ্রেড’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ গ্রেড নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে।