১১ জনই ডাবল ফিগারে
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে গতকাল মিরপুর টেস্টে নতুন রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। টেস্টে প্রথমবার বাংলাদেশের সব ব্যাটসম্যান তথা ১১ জনই ডাবল ফিগারে যেতে পেরেছেন। শেষ ব্যাটসম্যান নাঈম হাসানের ১২ রান করার মাধ্যমে বিরল এই রেকর্ডের তালিকায় নাম লেখায় বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের বিরুদ্ধেও কোনো দল এই রেকর্ড গড়তে পারেনি। একাদশের সব ব্যাটসম্যান ডাবল ফিগারে যাওয়ার নজির এর আগে রয়েছে ১৩ বার। ১৪১ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ ছাড়া এই কীর্তি রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্টইন্ডিজের। এখানেই শেষ নয়, বাংলাদেশের প্রথম ইনিংসের সবগুলো জুটিই পৌঁছেছে দুই অংকের ঘরে। এই নিয়ে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়লো বাংলাদেশ। আর টেস্ট ক্রিকেটে সব মিলিয়ে এই ঘটনা ঘটেছে ৭৭ টি।
১০ ইনিংস
পর
ফিফটি
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড় ৫০.১৪। কিন্তু টেস্ট ক্রিকেটের তপ্ত জমিনে আসতেই যেন কঙ্কালসার লিটন কুমার দাসের ব্যাট! গতকাল ১০ ইনিংস পর টেস্টে ফিফটি পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মিরপুরে ৬২ বলে ৫৪ রানের ইনিংস খেলে বোল্ড হন লিটন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। এর আগে তার হাফ সেঞ্চুরি (৯৪ রান) ছিল বছরের শুরুতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। মজার বিষয়, টেস্টে লিটনকে ওপেনার দায়িত্ব অনেকবারই দেয়া হয়েছিল। কিন্তু তার চারটি হাফ সেঞ্চুরিই যথাক্রমে ৭, ৬, ৫ ও ৮ নম্বরে ব্যাট করে।
৪র্থমন্থর সেঞ্চুরি
মিনিটের হিসেবে বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে মন্থর সেঞ্চুরিটি আমিনুল ইসলাম বুলবুলের। ২০০০ সালে অভিষেক টেস্টে ভারতের বিরুদ্ধে ৩৮৯ মিনিট খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন সাবেক এই অধিনায়ক। গতকাল ওয়েস্টইন্ডিজের বিপক্ষে করা মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিটা এই তালিকার চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছে। ২০৩ বল খেলে ৩২৭ মিনিট ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ২০১৭ সালে হায়দরাবাদে ভারতের বিপক্ষে ৩৪৩ মিনিটে সেঞ্চুরি করে মুশফিক রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে খালেদ মাসুদ পাইলট।
২০০৪ সালে সেন্ট লুসিয়ায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩৩৪ মিনিটে সেঞ্চুরি করেছিলেন তিনি।
উইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ
টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরটা ৫৫৬। এই মিরপুরেই ২০১২ সালে এই স্কোর গড়েছিল টাইগাররা। গতকাল উইন্ডিজদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়লো বাংলাদেশ। ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় করা ৪১৬ রানকে টপকে দ্বিতীয় স্থানে ঠাঁই পেল গতকাল মিরপুরে প্রথম ইনিংসে করা ৫০৮ রান। তবে এই ইনিংসের স্থায়ীত্ব সবচেয়ে বেশি। ১৫৪ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। ২০১২ সালে ৫৫৬ রানের ইনিংসে ১৪৮.৩ ওভার ব্যাটিং করেছিল মুশফিকের দল।
-স্পোর্টস রিপোর্টার
