থানা নয়, এখন দুদক কার্যালয়েই হবে দুর্নীতি মামলা

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত সব ধরনের মামলা এখন থেকে আর থানায় নয়, প্রতিষ্ঠানটির ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হবে। গতকাল রবিবার দুদক আইনের সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হওয়ার পর এই সুযোগ সৃষ্টি হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে দুদক আইন-২০০৪ সালে পাস হওয়ার পর ২০০৭ সালে এর বিধিমালা হয়। দুদক আইনের এই বিধিমালা সংশোধনের পর কেউ যদি থানায় দুর্নীতির অভিযোগ করেন সেক্ষেত্রে পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করবে। পরবর্তীতে তা অনুসন্ধানের জন্য দুদকে পাঠাবে। শুধু তাই নয়, দুদক চাইলে গুরুত্ব বিবেচনায় যে কোনো অভিযোগ অনুসন্ধান না করে সরাসরি মামলাও করতে পারবে। সংশোধিত বিধিমালায় আরো উল্লেখ করা হয়, করদাতার আয়কর রিটার্ন ফাইল ও ব্যাংক হিসাব সরাসরি তলব করতে পারবে দুদক।

এছাড়া দুর্নীতির অভিযোগে মামলা হওয়ার আগেও অভিযোগ পাওয়া ‘দুর্নীতিবাজের’ সম্পদ ক্রোক বা জব্দ করা যাবে। আর দুদকের অনুসন্ধান সংক্রান্ত বিদ্যমান সময়সীমা ১৫ দিনের পরিবর্তে ৪৫ দিন করা হয়েছে এই বিধিমালায়। অন্যদিকে দুর্নীতি মামলার অভিযোগপত্র ম্যাজিস্ট্রেট আদালতে না দিয়ে সরাসরি বিশেষ জজ আদালতে দাখিল করা যাবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেছেন, দুদক আইনের বিধিমালা সংশোধনের ফলে কোনো মামলা করতে থানায় যেতে হবে না। দুদকের সমন্বিত ২২টি কার্যালয়ে এসব মামলা করা হবে। তবে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় এবং আটটি বিভাগীয় কার্যালয়ে কোনো মামলা করা হবে না।