আজ নতুন মিশনে নামছে আবাহনী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলের আদলেই স্বাধীনতা কাপ ফুটবল শুরু হচ্ছে ১৩ দল, ৪ গ্রুপ, ফরমেশন, পুরস্কার সবই একই আদলে। যেটা ফেডারেশন কাপে হয়েছিল। স্বাধীনতা কাপে আবাহনী শুরু করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে লড়াই দিয়ে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল তিনটায় আবাহনী তাদের প্রথম খেলায় মুখোমুখি হবে সেই মুক্তিযোদ্ধার বিপক্ষে। ফেডকাপে মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনী জিতেছিল ১-০ গোলে। গোল পেতে ৬৪ মিনিটের অপেক্ষা। কিন্তু আজ গোল পেতে এত লম্বা সময় অপেক্ষা করতে রাজি না আবাহনী। ফেডকাপের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতোই শুরু করতে চায়। ভালো খেলে জিততে পারলে দর্শক কতটা উত্ফুল্লু হয় তা দেখা গেছে ফেডকাপের ফাইনালে। দর্শক উত্ফুল্লুতা আবার মাঠ ছাড়িয়ে দিতে দলের অধিনায়ক গোলকিপার সোহেল, তপু বর্মণ, রায়হান হাসান, সোহেল রানা, সানডে চিজোবা রুবেল মিয়ারা আত্মবিশ্বাসী। আজ স্বাধীনতা কাপের ট্রফি জয়ের নতুন মিশনে নামছে আবাহনী। পেছনে প্রেরণা ফেডারেশন কাপের ১১ ট্রফি জয়ের গৌরব। ৭১ সালে দেশ স্বাধীনের পর ৭২ সালে শুরু হয় স্বাধীনতা কাপ ফুটবল। প্রথম আসরে মোহামেডান চ্যাম্পিয়ন হলেও ৭৭ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয় আবাহনী। ৮৯ সালে তৃতীয় আসর হলে সেবারও আবাহনী চ্যাম্পিয়ন হয়, ট্রফি ঘরে তোলে। স্বাধীনতা কাপ ফুটবলে আবাহনী পরপর দুই বার চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার সুযোগ হয়নি। ৯১ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ আসরের ফাইনালে আবাহনী উঠলেও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৬ সালে স্বাধীনতা কাপের নবম আসরে আবাহনী ফাইনাল খেললেও চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়। এবার আবাহনী যেন অন্যরূপে এসেছে। ফুরফুরে মেজাজে রয়েছে নীল হলুদ শিবির। আক্রমণভাগে নাইজেরিয়ান সানডে চিজোবা যেন আগের মৌসুমগুলোর চেয়েও আরো বেশি আক্রমণাত্মক। ফেডকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সানডের পারফরম্যান্স ছিল অসাধারণ। ৬ গোল পাওয়া সানডে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। ফাইনালে বসুন্ধরা কিংসের নাসির চৌধুরীর আঘাতে ব্যথা পেয়েছিলেন সানডে। বুকে আঘাত করা হয়েছিল। মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। সানডে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বুকে ব্যথা কমলেও চোখে ঝাপসা দেখছেন। ফাইনালে ৭ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল আবাহনীর ডিফেন্ডার তপু বর্মণকে। তিনিও পুরোপুরি ফিট হতে পারেননি। মিডফিল্ডার মামুনুল ইসলাম ইনজুরিতে, শাস্তি পেয়ে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন এবং মামুন মিয়াও মাঠের বাইরে। এত কিছুর পরও আবাহনী যেন একটু দুর্বল ভাবতে রাজী না। হ্যাটট্রিক ট্রফি এনে দেওয়া দলের কোচ জাকারিয়া বাবু ফেডকাপের কথা ভুলে গিয়ে নতুন মিশন শুরু করতে চাইছেন।  

আবাহনী-মুক্তিযোদ্ধার ম্যাচের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরেকটি বড় লড়াই দেখতে পারবেন দর্শক। বসুন্ধরা কিংস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াই। ফেডকাপেও একই গ্রুপে ছিল বসুন্ধরা এবং শেখ জামাল। সেখানে গ্রুপ পর্বের লড়াই ১-১ গোলে শেষ হয়। ব্রাজিলীয়ান ফুটবলার মার্কোসের গোলে এগিয়ে থেকেও ৪ মিনিট গোল রাখতে পারেনি। উত্তাপের ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হয়। ২৯ দিনের মাথায় আজ আবার মুখোমুখি শেখ জামাল ও বসুন্ধরা কিংস। বসুন্ধরার ব্রাজিলীয়ান মার্কোস খেলতে পারবেন না ইনজুরির কারণে। ফেডকাপের ফাইনালে লালকার্ডের পরও বাড়তি শাস্তি পেয়ে বসুন্ধরা কিংসের মধ্যে অসন্তোস থাকলেও খেলাধুলা মনোভাব নিয়েই তারা মাঠে থাকবেন।

আজকের খেলা ঃ

আবাহনী ও মুক্তিযোদ্ধা এবং শেখ জামাল ও বসুন্ধরা কিংস (৩টা ও ৫টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।