আগামী ৬ জুন থেকে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত বেগম রোকেয়া সরণি মিরপুরস্থ সকল ফার্নিচার শোরুমে আয়োজিত হচ্ছে 'মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩'।
রবিবার (৪ জুন, ২০২৩) অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে ঘোষণা দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আউয়াল। তিনি আরো জানান, ৬ জুন আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব, মোঃ ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।
অনলাইন কনফারেন্স থেকে আরো জানা যায়, স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠান হাতিল, আখতার, নাভানা, নাদিয়াসহ প্রায় ১০০টি প্রতিষ্ঠানের শোরুমে ঈদ উৎসব চলমান থাকবে। উৎসবে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সর্বমোট ৪০ লাখ টাকার পুরস্কারসহ থাকছে স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত নগদ মূল্য ছাড়। এছাড়াও থাকছে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ পুরস্কার পাওয়ার সুযোগ।
করোনা মহামারীর পর দেশীয় ফার্নিচার ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে এবং ক্রেতাদের ভিড় বাড়িয়ে ব্যবসায়িক পরিস্থিতি শিথিল করার উদ্দেশ্যে 'মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা।
