শিক্ষায় যে দেশ যত বেশি অগ্রগামী, সেই দেশ তত সমৃদ্ধশালী — বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:১২

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, শিক্ষাবিহীন জাতি কখনোই উন্নতি করতে পারে না। তাই শিক্ষার দিকে যে দেশ যত বেশি অগ্রগামী, সেই দেশ তত বেশি সমৃদ্ধশালী।

রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে যমুনা ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক রূপগঞ্জ উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অস্বচ্ছল কৃতি ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপিত হয়েছে কম্পিউটার ল্যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।  আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।