জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। গতকাল রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদনটি পেশ করা হয়। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আবেদনটি পেশ করলে আদালত বলে, এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে শুনানির জন্য দিন ধার্য করা হবে।
বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি হাইকোর্টে আসে। এরপরই গতকাল জামিন আবেদনটি আদালতে পেশ করা হলো। জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট বলেছিল মামলার রেকর্ড এলেই জামিন শুনানি করবে। ইতোমধ্যে রেকর্ড এসে গেছে। সে জন্য আমরা জামিন আবেদন নিয়ে গিয়েছি। আদালত বলেছে, খুব সহসাই শুনানির তারিখ দেবে। লিগ্যাল জুরিসপ্রুডেন্স অনুযায়ী, এসব মামলায় আদালত সাধারণত জামিন দিয়ে থাকে। আমরাও আশা করছি, খালেদা জিয়া এ মামলায় জামিন পাবেন। প্রসঙ্গত এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
