কলাবাগানের অ্যাপার্টমেন্টে দুই নিরাপত্তা কর্মীর ধর্ষণ চেষ্টা

আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:২৩

রাজধানীর কলাবাগানের লেক সার্কাস গলির একটি বহুতল অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষীদের কক্ষে ‘ও’ লেভেল পাস করা এক তরুণী ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। গত বুধবার এ ঘটনা ঘটার পর এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ গত শুক্রবার দুপুরে ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মী রফিকুল ইসলামকে (২৬) আটক করে। এ সময় আরেক নিরাপত্তা কর্মী নিখিল পালিয়ে যায়। পুলিশ ওই অ্যাপার্টমেন্ট থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করেছে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে গতকাল রবিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ঘটনায় জড়িত একজনকে আমরা গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে।