স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জুলাই মাসের শেষ নাগাদ ই-পাসপোর্ট, ই-গেইট দৃশ্যমান হবে। ই-পাসপোর্ট, ই-গেইট চালু হলে অবৈধ কাগজপত্র তৈরি করে একজনের জায়গায় আরেকজন যাওয়ার পথ বন্ধ হবে। গত শনিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ২ কোটি ৫০ লাখ লোককে এমআরপি পাসপোর্ট দিয়েছিলাম। এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ই-পাসপোর্টে যাচ্ছি, ই-গেইটে যাচ্ছি। এটা হলে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। এসময় জঙ্গি দমনের সফলতা তুলে ধরে তিনি বলেন, সারাবিশ্বে যখন জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াবার ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে জঙ্গি দমনে সফল হয়েছে আমাদের আইন-শৃঙ্খলাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছি। কোস্টগার্ডকে ঢেলে সাজানো হয়েছে। কোস্ট গার্ডের জন্য অত্যাধুনিক জাহাজ এনেছি। এখন আর কেউ নৌপথে চোরাইভাবে বিদেশ যেতে পারে না। এখন আর কেউ নৌকা ডুবে মারা যায় না।
