জেমসের গানে মাতোয়ারা নিউইয়র্ক

আপডেট : ০৬ জুন ২০২৩, ১৩:৪০

বাংলাদেশি মালিকানাধীন প্রমোটার প্রতিষ্ঠান শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) আয়োজনে স্থানীয় সময় রোববার (৪ জুন) নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল খ্যাত জেমসের লাইভ ইন কনসার্ট। এদিন সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া কনসার্টে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের হৃদয়।

অনুষ্ঠানে সবার শেষের দিকে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান 'ভিগি ভিগি'। গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান সুরের মুর্ছনায়।

জেমসের গানে মাতোয়ারা নিউইয়র্ক, ছবি : নিহার সিদ্দিকী

অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান 'পদ্ম পাতার জল', 'গুরু ঘর বানাইলা কি দিয়া', 'মায়ের' মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে।

প্রায় চার বছর পর নিউইয়র্কে ওপেন এয়ার কনসার্টে অংশ নিলেন জেমস। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রথম কনসার্টে প্রায় ১৫ হাজার দর্শককে মাতিয়ে রাখেন জেমস।

সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালবাসা, কখনও চোখে অশ্রু আবার উম্মাদনা ছডিয়ে জেমস শুরু করেন 'কবিতা তুমি স্বপ্নচারিণী' গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন 'মা'। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেয়াই ছিল কঠিন।

শোটাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, জেমসের কনসার্টে এতো দর্শক-শ্রোতারা আসবেন সেটা অনুমানের বাইরে ছিল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। তবে এবারের কনসার্ট ছিল আগেরবারের তুলনায় ব্যতিক্রম।  

ইত্তেফাক/এসসি