বিদ্যুত্ সংযোগ পেতে সবার টিআইএন থাকার প্রস্তাব পুনর্বিবেচনা করুন

আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:৩১

২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিদ্যুত্ সংযোগ পেতে টিআইএন থাকার যে বাধ্যবাধকতা প্রস্তাব করা হয়েছে সেটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল রবিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিপু বলেন, পল্লী বিদ্যুতের ৩ কোটি গ্রাহকের মধ্যে ১ কোটি ২০ লাখ গ্রাহক ৪০ ইউনিটের কম বিদ্যুত্ ব্যবহার করেন। এরা গ্রামের গরিব জনগোষ্ঠী। তাদেরও যদি টিআইএন সনদ করতে হয় তাহলে এর জন্য অর্থ ব্যয় হবে। টিআইএন হালনাগাদ রাখতেও তাদের একটা খরচ কিংবা না করলে জরিমানার বিষয় রয়েছে। সেজন্য আমার প্রস্তাব হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক না করে ৫০০ ইউনিটের উপরে ব্যবহারকারী গ্রাহকদের জন্য টিআইএন বাধ্যতামূলক করার বিষয়টি চিন্তা করা যেতে পারে।

নসরুল হামিদ বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম শতভাগ বিদ্যুতায়িত হবে। তিনি বলেন, আমরা গ্যাসের সমস্যায় ছিলাম। সেই সমস্যাও ধীরে-ধীরে শেষ হচ্ছে। আবাসিক খাতে জ্বালানি সমস্যা পূরণ করতে সংসদে ঘোষণা দিয়েছিলাম তিন বছরের মাথায় দেশের ৭৫ শতাংশ বাড়িতে এলপিজি গ্যাস পৌঁছাবো। এখন প্রায় ৮২ শতাংশ বাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করা হচ্ছে। ধীরে-ধীরে এই বছরের মধ্যে সারাদেশে প্রতিটি জেলায় যেখানে অর্থনৈতিক জোন থাকবে সেখানে প্রতিটি শিল্প-কারখানায় যত দ্রুত সম্ভব পাইপলাইনে গ্যাস পৌঁছে দেওয়া হবে।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বিপু বলেন, আজকে মন্ত্রণালয়ে বসে বিএনপি-জামায়াত জোট সরকারের ৭ বছরের দুর্নীতির চিত্র দেখছিলাম। এত দুর্নীতি যা এই সংসদে তুলে ধরতে গেলে বিরাট বই হয়ে যাবে।