জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে নূন্যতম এক শতাংশ বরাদ্দের দাবিতে মতবিনিময় সভা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার (৭ জুন) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।
তিনি জানান, সভায় উপস্থিত থাকবেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ড. মুহাম্মদ সামাদ, সাংবাদিক শ্যমল দত্ত, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোমী ও জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশানের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
মো. আহকাম উল্লাহ্ বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটও দেশের সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে। একটা সমাজ টিকে থাকে সংস্কৃতির ক্রমবর্ধমান বিকাশ ও উৎকর্ষ সাধনের মাধ্যমে। ফলে আমরা মনে করি জাতীয় বাজেটের নূন্যতম এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হোক।
বৃহস্পতিবার (১ জুন) বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। আওয়ামী লীগের আগের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই সংখ্যা ছিল ৬৩৭ কোটি টাকা। ফলে গত অর্থবছরের তুলনায় এই খাতে ৬২ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে।
