ভারতে সংখ্যালঘুরা এখনো হিন্দু জাতীয়তাবাদীদের হাতে আক্রান্ত হয়ে চলছেন বলে মার্কিন কংগ্রেসে যে রিপোর্ট পেশ করা হয়েছে তা খারিজ করে দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। ‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০১৮’ শীর্ষক মার্কিন পররাষ্ট্র দফতরের ওই রিপোর্ট প্রত্যাখান করে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ভারতের মতো একটি সজীব গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুসহ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারগুলোকে সংবিধানই সুরক্ষিত রেখেছে। সেই অধিকার ক্ষুণ্ন হচ্ছে কিনা, কোনো বিদেশি বা অন্য দেশের সরকারের তার উপর নজর রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কংগ্রেসে মার্কিন পররাষ্ট্র দফতরের পেশ করা রিপোর্টে বলা হয়, ২০১৭ সালেও ভারতে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অবনমনের ধারা অব্যাহত ছিল। ভারতের মতো একটি বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশে ওই ঘটনা আগের চেয়ে আরও বেড়েছে। ধর্মের সঙ্গে জাতীয়তাবাদকে মিশিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে। ‘গৈরিকীকরণে’র লক্ষ্যে অ-হিন্দু ও হিন্দু দলিতদের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী ও সংগঠনগুলো হিংসা, হুমকি ও হেনস্থার ঘটনা ওই বছরে আরও বাড়িয়েছে। ধর্মীয় স্বাধীনতা আরও বেশি ক্ষুণ্ন হওয়ার ঘটনা সবচেয়ে বেশি বেড়েছে ভারতের ১০টি রাজ্যে। -আনন্দবাজার পত্রিকা
