মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সন্ত্রাসী দল জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (১০ জুন) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সংগঠনের উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-শিবিরকে সমাবেশের অনুমতি দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তিদেরকে ব্যথিত করেছে। জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, দেশবাসীর বিবেকের নিকট প্রশ্ন-জামায়াত-শিবির কি সত্যিই ইসলামের চর্চা করে? এরা প্রকৃতপক্ষে আবু জেহেলের অনুসারী অভিশপ্ত গোষ্ঠী। কারণ সাম্প্রদায়িক অপশক্তি জামাত-শিবির ইসলাম ধর্মের লেবাস লাগিয়ে প্রতিনিয়ত ইসলাম পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে। এদের সকল ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাহাত্তরের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন। একাত্তরে পরাজিত পাকিস্তানি অপশক্তি স্বাধীনতা বিরোধীরা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে বাহাত্তরের সংবিধানকে কেটে ছিঁড়ে ধ্বংস করে আবার বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল।
এছাড়া সংগঠনের সহসভাপতি ফিরোজ আহমেদ সুজন ও সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বক্তব্য রাখেন।
