প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাসের কন্যা মালতী মেরি চোপড়া জোনাস। হলিউড-বলিউড মিলিয়ে বিখ্যাত মা-বাবার কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই দেখা মেলে তার। তবে এত দিন মালতীকে নানা ধরনের নামীদামি ডিজাইনার ব্র্যান্ডের পোশাকে দেখা গেলেও এবার ভারতীয় পোশাক লেহেঙ্গায়‘দেশি গার্ল’ সাজে সামনে এলো সে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী, বাবা অশোক চোপড়ার মৃত্যুবার্ষিকীতে সম্প্রতি নিজেদের লস অ্যাঞ্জেলসের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা। আর তিনি সেখানেই তোলা ছোট্ট মালতীর তিন ‘মুডের’ ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । ছবিতে দেখা যাচ্ছে মালতী কখনও লেহেঙ্গা পরে হামাগুড়ি দিয়ে দাদুর ছবির কাছে, কখনও আবার মায়ের কোলে।
দশ বছর আগে প্রিয়াঙ্কা তার বাবাকে হারান। ২০১৩ সালের ১০ জুন প্রয়াত হন অশোক। পেশায় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন। ‘ড্যাডিজ লিটল গার্ল’ পরিচয়ে রীতিমতো গর্বিত ছিলেন প্রিয়াঙ্কা। বাবার হস্তাক্ষর দিয়ে নিজের হাতে একটি ট্যাটুও করিয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী এখনও বলেন, বাবাকে তিনি জীবনের প্রতিটা মুহূর্তে মিস করেন। বাবা তার মেয়েকে দেখে যাননি। মালতীও দেখেনি দাদুকে। তাই ছবিতেই দাদুর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন মা।
২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী। সারোগেসির মাধ্যমে ফুটফুটে মেয়ের জন্ম হয় তাদের। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল সে। মালতীর জন্মের ১০০ দিন পর তাকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা। এরপরই মালতীকে নিয়ে প্রতিটা মুহূর্তে উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা।
