বিএনপির ভোট বর্জন ও ভোট কেন্দ্রে না যেতে নগরীবাসীর প্রতি আহ্বানে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। একই সঙ্গে তিনি ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, খুলনায় গাজীপুর সিটির চেয়ে সুষ্ঠু, অবাধ ও স্বতঃস্ফুর্ত ভোট হবে। ভোটের হার ৬০ থেকে ৬৫ হতে পারে।
অপরদিকে নিজ দলের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে বাধার অভিযোগ জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধুর। তিনি ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করলেও সুষ্ঠু ও প্রভাবমুক্ত ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই বলেও বলে মন্তব্য করেন এই প্রার্থী।
রোববার (১১ জুন) দুপুরে স্ব স্ব দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী এসব কথা বলেন।
মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, জীবনের শেষ সময় খুলনার উন্নয়নে মানুষের পাশে থাকতে চাই। বিগত সময়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও পরিবেশ বান্ধব নগর গড়তে চাই। নির্বাচনের প্রচারণাকালে ৩১টি ওয়ার্ডে পায়ে হেঁটে নাগরিকদের কাছে গিয়েছি। তাপরও সকলের সঙ্গে কথা বলতে পারিনি। আমি চাই সকলে কষ্ট করে হলেও ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের পছন্দের প্রার্থীদের নির্ভয়ে ভোট দিবেন।
প্রতিদ্বন্দ্বী দল, প্রার্থীদের বাধা বা হুমকির কোনো অভিযোগই সঠিক নয় বলে তিনি বলে মন্তব্য করেন। সাংবাদিকরা বিষয়টি তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।
অপরদিকে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু বলেন, শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে ভোটের হার ৪১-৪২ হতে পারে।
জাতীয়তাবাদী সমর্থকরা তাকে ভোট দেবে এমন আশা করে মধু বলেন, জাতীয় পার্টি-বিএনপির আদর্শ প্রায় একই। তাই তারা লাঙ্গলে ভোট দেবেন। যত বাধাই আসুক আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। আমরা জয় নিয়ে আশাবাদী।
