এবার বুটেক্স ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৫৬৩ জন শিক্ষার্থী 

আপডেট : ১১ জুন ২০২৩, ২০:২২

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৪৫৬৩ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী। এর আগে লিখিত পরীক্ষার জন্য ৬০১৩ জন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে আবেদন করা ১৩৫৫৬ জন শিক্ষার্থী থেকে বাছাই করে এই তালিকা প্রকাশ করা হয়েছিল। 

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরি মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। ৬ হাজার জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার নিমিত্তে নতুন কোনো তালিকা প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এইরকম কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। প্রাথমিকভাবে আমরা ৬০১৩ জনের তালিকা প্রকাশ করেছি, তার মধ্যে যারা লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদন করেছে তারা পরীক্ষার সুযোগ পাবে।

এর আগে গেলো ২৪শে মে প্রাথমিকভাবে আবেদনকারী ১৩৫৫৬ জন শিক্ষার্থী থেকে লিখিত পরীক্ষার যোগ্য ৬০১৩ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকায় স্থান প্রাপ্তরা ৮০০ টাকা পরিশোধ করে চূড়ান্ত আবেদন করার শেষ সময় ছিল গতকাল (১০ জুন) পর্যন্ত। তার মধ্যে ৪৫৬৩ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করে। 

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬শে জুন। এবার ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় এইচএসসিতে পদার্থ ,রসায়ন ও উচ্চতর গণিত বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে ৬০১৩ জনের তালিকা প্রকাশ করা হয়। সর্বোচ্চ ৬০০ এর মধ্যে ৬০০ পেয়ে নাম্বার পেয়ে তালিকার শীর্ষে ছিলেন ৫ শিক্ষার্থী এবং সর্বনিম্ন ৫৬৯ পেয়ে তালিকায় ছিলেন ২৪৪ জন শিক্ষার্থী। প্রত্যেক বিষয়ে গড়ে ৯৪.৮৩ শতাংশ নাম্বার পেয়ে তালিকায় স্থান পেয়েছিলেন।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৫.০০ যাদের ছিল তারাই আবেদন করতে পেরেছে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট ২০ পয়েন্ট এর মধ্যে জিপিএ-১৯ পয়েন্ট হলেই আবেদন করা গেছে। 

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিষয়ের ওপর ৬০ নম্বর  করে এবং ইংরেজি বিষয়ে ওপর ২০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ফাংশনাল ইংলিশ অনুসরণ করা হবে। 

ইত্তেফাক/এআই