দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গৌরীপুর-কচুয়া-হাজিগঞ্জ-চাঁদপুর সড়কটি দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে থাকে। গৌরীপুর-কচুয়া সড়কটি খানাখন্দে ভরে যাওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দুই বছর আগে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে এই সড়কের উন্নয়ন কাজ করা হয়েছিল বলে সড়ক ও জনপথ বিভাগসূত্রে জানা যায়। গৌরীপুর-কচুয়া সড়কের কুমিল্লা অংশের ১০ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য এবার ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার এবং উপবিভাগীয় প্রকৌশলী জাফরুল ইসলাম বলেন, গত বর্ষার সময় মেরামত কাজ করায় তা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। এবারের বরাদ্দকৃত টাকায় সড়কটি খুবই ভালোভাবে মেরামত করা হচ্ছে।
