বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে ইভিএম নিয়ে ভোটরদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সময় বেশি লাগছে বলে অভিযোগ করেছেন তারা।
অমৃতলাল দে কলেজে ভোট দিতে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে বিরক্তি প্রকাশ করছেন ভোটাররা। তারা বলেন, এর চেয়ে ম্যানুয়ালি ভোট দেওয়া সহজ ছিল। সময় কম লাগত।
বিরোক্ত প্রকাশ করে হারুন নামের এক ভোটার বলেন, দেড়ঘণ্টা দাঁড়িয়ে আছি। আরও কত সময় লাগবে জানি না।
এমনকি একটি কক্ষে ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেন ভোটাররা। সুমন নামের এক ভোটার বলেন, মেশিন নষ্ট হয়ে গেছে। গরমের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম বলেন, মেশিন নষ্ট হয়নি। লোকজন পান খেয়ে ভোট দিতে আসায় ইভিএম তাদের হাতের ছাপ নিচ্ছে না।
লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ইভিএম মেশিন কীভাবে ব্যবহার করতে হবে সেই নির্দেশনা দেন নির্বাচন কর্মকর্তা মানিক লাল।
তিনি বলেন, ইভিএম ব্যবহার নতুন হওয়ায় একটু সমস্যা হচ্ছে। তবে সেটা বেশিকিছু না। গড়ে দুই মিনিট করে সময় লাগছে ভোট দিতে।
মাহফুজুর রহমান নামের এক নির্বাচন কর্মকর্তা বলেন, দুই মুরব্বি ভোট দিতে আধাঘণ্টা সময় নিয়েছেন। এ কারণে একটু দেরি হচ্ছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া কাউন্সিলর পদে রয়েছেন ১৫৮ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১১৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ৪২ জন। নির্বাচনে দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনী এলাকায় ৩০ জন নির্বাহী ও ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।
