বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে নিজ এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রুপন। সোমবার (১২ জুন) সকাল পৌনে ৯টায় আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত যেটুকু জানি দুটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে এজেন্ট কার্ডে প্রার্থীর স্বাক্ষর না হলে হবে না। কিন্তু আমার প্রধান নির্বাচনী এজেন্টের স্বাক্ষর রয়েছে সেখানে।
‘আবার বলা হচ্ছে রাতে কেন এজেন্টদের ফরম দেওয়া হয়নি। কিন্তু আমি জানি ভোটগ্রহণের আগে এজেন্ট ফরম দিলেই হয়। খবর পেয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে পাঠানো হয়েছে।’
কামরুল আহসান রুপন বলেন, প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই এখানে মেয়রপ্রার্থী, হয়তো তার পক্ষ নেওয়ার জন্য এমন কাজ করা হচ্ছে।
ভোট সুষ্ঠু হচ্ছে কি না- এমন প্রশ্নে স্বতন্ত্রপ্রার্থী বলেন, এখন পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে। তবে দুপুরের পরে বলতে পারব অবস্থা কোন দিকে যাচ্ছে। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী, মানুষ সুষ্ঠুভাবে যদি ভোট দিতে পারে আর এজেন্টরা কেন্দ্রে থাকতে পারে। চাপিয়ে দেওয়া না হলে যে কোন ফলাফল আমি মেনে নেব।
উল্লেখ্য, এ দিন সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এবারে বরিশালের এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের থেকে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।
নির্বাচনে ৭ জন মেয়রপ্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগর ও ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
