‘অ্যাশেজের আগেই পুরোপুরি ফিট হবেন হ্যাজেলউড’

আপডেট : ১২ জুন ২০২৩, ১২:২৯

আ্যাশেজের আগেই  পেসার  জশ হ্যাজেলউড পুরোপুরি ফিট হবে বলে বিশ্বাস করেন অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যাজেলউডের জায়গায় খেলছেন স্কট বোল্যান্ড। 

ভারতের বিপক্ষে ফাইনালের প্রথম ইনিংস দারুন বোলিং করেছেন বোল্যান্ড। ২০ ওভারে ৫৯ রানে ২ উইকেট শিকারের মাধ্যমে দলে নিজের জায়গা ধরে রাখার ব্যবস্থা করে রেখেছেন এ পেসার। কিন্তু অ্যাশেজের শুরু থেকে হ্যাজেলউডকে একাদশে চান পন্টিং।

পন্টিং বলেন, ‘আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি। যদি হ্যাজলউড ফিট থাকেন এবং তারা শতভাগ নিশ্চিত হয়, সে খেলার মধ্যে থাকতে পারবে, তাহলে আমার মনে হয় শুরু থেকেই থাকবে সে। কিন্তু যদি খেলতে না পারেন তাহলে খুব ভালো ব্যাক-আপ আছে।’

ইনজুরির কারনে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ভাগে মাত্র চারটি ম্যাচ খেলতে পারেন হ্যাজেলউড। গত জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরেন তিনি। কিন্তু ছোট রানআপে বল করতে গিয়ে অ্যাকিলিসের ইনজুরিতে পড়েন হ্যাজেলউড।

টেস্ট ক্যারিয়ার শুরুর পর গত ১৮ মাসে দুর্দান্ত পারফরমেন্স করেছে বোল্যান্ড। গত অ্যাশেজের তৃতীয় ম্যাচে অভিষেক হয় তার। মেলবোর্নে অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছেন বোল্যান্ড। প্রথম ইনিংসে ৪৮ রানে ১ ও দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন তিনি।

বোল্যান্ডকে নিয়ে পন্টিং বলেন, ‘স্কটি খুব ভালো করছে। গত কয়েক বছর ধরে হ্যাজেলউডের ইনজুরির রেকর্ড নিয়ে ভাবছে নির্বাচকরা। তারপর বোল্যান্ড যেভাবে বোলিং করছে, তখন মনে আসতেই পারে প্রথম টেস্টই একাদশে থাকবেন সে।’

তিনি আরও বলেন, ‘সামনের ছয় সপ্তাহে পাঁচটি টেস্ট  ম্যাচ আছে । । সম্ভবত উভয় দলই সিরিজে একজন বা দুজন পেসারকে বিশ্রাম দিবে।’

ইত্তেফাক/এসএস