নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যতীত অন্য মেয়র প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সোমবার (১২ জুন) বেলা ১২টার দিকে এ অভিযোগ করেছেন মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী মামুন অর রশিদ।
তিনি বলেন, আমি কেন্দ্রে গিয়ে আমার এজেন্টসহ অন্য প্রার্থীর কোনো এজেন্ট দেখতে পাইনি। এর মধ্যে তাদের কাছে জানতে চাইলে আমার এজেন্টসহ অন্য এজেন্টরা জানান তাদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর লোকজন।
একই সঙ্গে নাগেরচর কেন্দ্রে দুই দফা সংঘর্ষ হয় নৌকার মেয়র প্রার্থী সুন্দর আলীর লোকজন ও জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমানের লোকজনদের।
জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ নৌকার পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করার খবরে সেখানে হাবিবুরের লোকজন জড়ো হয়। পরে দু দফা তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হবার খবর পাওয়া যায়।
হাবিবুর রহমান অভিযোগ করেন, সেখানে নৌকার পক্ষে ছাত্রলীগের শরীফ কেন্দ্র দখল করতে গেলে আমাদের লোকজন বাধা দেয়। পরে তাদের ওপর দুই দফায় হামলা চালানো হয়। এখন আবারো দেশীয় অস্ত্রসহ তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার ৫৪ নম্বর কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯ নম্বর দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩ নম্বর ঝাউগড়া সরকারি বিদ্যালয়, নাগের চর মাদরাসা, কৃষ্ণপুরের এনআইবি স্বপ্নডানা একাডেমি, ৮৩ নম্বর মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নম্বর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ ও ৬২ নম্বর আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে ৭২টি ভোট কক্ষে আড়াইহাজার পৌরসভার মোট ২৪ হাজার ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৮জন ও নারী ভোটার ১২ হাজার ৪১৭ জন।
আড়াইহাজার পৌর এলাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪ নম্বর কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯ নম্বর দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে প্রথম ইভিএমএ ভোট প্রদান করায় কিছুটা সময় বেশি দিচ্ছেন ভোটাররা।
এদিকে, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও প্রশাসনের সদস্যরা কাজ করছেন।
আড়ইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তারা প্রত্যেকেই আওয়ামী নেতা। এরমধ্যে মো. সুন্দর আলী নৌকা, স্বতন্ত্র মেহের আলী নারিকেল গাছ, মামুন অর রশিদ মোবাইল ও হাবিবুর রহমান জগ প্রতীকে নির্বাচন করবেন। ৩ সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪৬৫।
