মির্জাপুরে ইয়ুথ ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে ইয়ুথ ক্লাবের সদস্যরা ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মির্জাপুর পৌরসভার সকল নাগরিকসহ সচেতন মহল।

শনিবার মির্জাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ইয়ুথ ক্লাবের সদস্যদের প্রশংসনীয় নানা উদ্যোগ বাসা-বাড়ি ও রাস্তা-ঘাটের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। তাদের এ প্রশংসনীয় উদ্যোগ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করায় একটু দাঁড়িয়ে লাল প্লাকার্ডে সাদা রঙে বিভিন্ন বাণী ও লেখাগুলো পড়ে যাচ্ছে।

মির্জাপুর ইয়ুথ ক্লাবের সদস্য দেওয়ান মো. ইমন ও মারুফ হোসেন জানান, মির্জাপুর পৌর শহরের নাগরিক ও জনসাধারণদের সচেতন করে তোলাই আমাদের এ ইয়ুথ ক্লাব গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ক্লাবের সকল সদস্য একযোগে কাজ করে যাচ্ছে। ইয়ুথ ক্লাবের উদ্যোগে নাগরিকদের সচেতন করতে বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তার পাশে দেয়ালে দেয়ালে প্লাকার্ডে লেখা শোভা পাচ্ছে, ‘মাদক মুক্ত সমাজ গঠন চাই’, ‘আড্ডা হোক গঠনমূলক’, ‘ইভটিজিং করা স্মার্ট ছেলেদের কাজ নয়’, ‘অযথা হর্ন বাজাবেন না’-সহ নানা বাণী ও লেখা।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান ও পৌরসভার মেয়র মো. সাহাদত্ হোসেন সুমন বলেন, ইয়ুথ ক্লাবের সদস্যরা মাদক মুক্ত সমাজ ও পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে ইয়ুথ ক্লাব সার্বিক সহযোগিতা পাবে।