আরেকটি গ্রাম পুনর্দখলের ঘোষণা ইউক্রেনের

আপডেট : ১২ জুন ২০২৩, ১৮:১৮

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের নেসকুচনে গ্রাম পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির পাল্টা হামলা শুরুর পর এটি দ্বিতীয় অর্জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কয়েক মাসের অপেক্ষার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চলছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

সেনারা দোনেৎস্ক অঞ্চলের ব্লাগোদাতে গ্রামটি পুনরুদ্ধারের পর রাষ্ট্রীয় সীমান্ত রক্ষী বাহিনী একই অঞ্চলের নেসকুচনেও আবার কিয়েভের পতাকা উড়ছে বলে জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন তার হাতছাড়া অঞ্চল পুনরুদ্ধার করার জন্য বিশেষভাবে সুরক্ষিত রাশিয়ার সামরিক লাইনগুলোর দুর্বলতা খুঁজছে।

ওয়াশিংটন-ভিত্তিক থিংক ট্যাঙ্ক, ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার শনিবার বলেছে,  কিয়েভ বাহিনী অন্তত চারটি ফ্রন্ট লাইন এলাকায় পাল্টা হামলা পরিচালনা করেছে।

রবিবার যুদ্ধক্ষেত্রের হালনাগাদ তথ্যের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের সর্বশেষ প্রতিবেদনে শুধু উল্লেখ করা হয়েছে, রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে।

এর আগে বাখমুতের কাছের কয়েকটি ফ্রন্টলাইনে বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি। শনিবার তিনি দাবি করেছেন, ‘২৪ ঘণ্টায় পূর্বের এই শহরটির কাছে এক হাজার ৪০০ মিটার পর্যন্ত অগ্রসর হয়েছে আমাদের সেনারা।’

ইত্তেফাক/এএইচপি