জামালপুরের বকশীগঞ্জের ছাগল নিয়ে সংঘর্ষে আবুল হাসেম দুলাল (৪৫) খুনের মামলায় বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ জুন) দুপুরে জামালপুরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২৭ এপ্রিল পূর্বশত্রুতার জেরে ছাগল নিয়ে সংর্ঘষে ট্যাটাবিদ্ধ হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের আবুল কাসেম দুলাল খুন হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে ৫২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিককে ১৫ নম্বর আসামি করা হয়। তার বিরুদ্ধে নিহত আবুল কাশেম দুলালের স্ত্রীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিকের আইনজীবী বাকী বিল্লাহ বলেন, উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় জামালপুর আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করি। আদালত আসামিকে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
