৪০ মণ ওজনের ‘রাজা বাবু’র দাম ২৫ লাখ টাকা

আপডেট : ১২ জুন ২০২৩, ২০:১৬

শখ করে নাম রাখা হয়েছে ‘রাজা বাবু’। ওজনের দিকে ৪০ মণ ছাড়াবে। এমনই গরুর দেখা মিলেছে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামে। ‘রাজা বাবু’র দাম হাকা হচ্ছে ২৫ থেকে ২৮ লাখ টাকা। তবে গরুর মালিক মফেল ভূইয়া দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর ও যত্ম সহকারে গরুটি কিনবে তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়াল ঘর থেকে বের করা হচ্ছে রাজা বাবুকে। যেমন তেজ, তেমন গর্জন। তাকে সামাল দিতে ব্যস্ত রাজা বাবুর মালিক মফেল ভূইয়া ও তার দুই সন্তান। ক্যামেরার আলো পড়তেই তেজ বেড়ে যায় কয়েকগুণ। কোনোরকমে শান্ত করা হয়। মনে হয়, রাজার বেশে আসছে ‘রাজা বাবু’। মুখের গড়ন আর শরীরের ভাড়ে দুলছে রাজা বাবু। চোখ জুড়িয়ে যায় দেখলেই। 

ছবি: ইত্তেফাক

গরুটি পালন করছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের খামারি মফেল ভূইয়া। প্রায় সাড়ে ৪ বছর ধরে নিজের সন্তানের মতো আদর যত্ন করে লালন-পালন করেছেন রাজা বাবুকে। সম্পূর্ণ দেশি ঘাস আর বিভিন্ন ধরণের ভূসি খাইয়ে বড় করছেন। গত বছর কোরবানির ঈদে গরুটির দাম ১০ লাখ উঠলেও বিক্রি করেননি তিনি। এবার আরও যত্ন করে বড় করেছেন রাজা বাবুকে। তাই দামও হাঁকছেন ২৫ থেকে ২৮ লাখ টাকা। তবে কেউ আদর করে নিলে তাদের জন্যে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। 
 
মফেল ভূঁইয়া বলেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি, খইল খাইয়ে লালন-পালন করা হয়েছে রাজা বাবুকে। সাবান-শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করানো হয় গরুটিকে। পরম যত্নে গরুটিকে পালন করতে পরিবারের সদস্যরাও কষ্ট করছেন। বিশালাকৃতির গরুটি প্রায় সাড়ে ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতাসম্পন্ন। তাই ন্যায্যমূল্য পেলে বিক্রি করা হয়। যদি কেউ কিনতে চায়, তাহলে আমার ঠিকানায় আসলেই হবে। সন্তানের মতো লালন করেছি রাজা বাবুকে।

ইত্তেফাক/এবি/পিও