তিন দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মানববন্ধন ও বিক্ষোভ করছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করায় অবরুদ্ধ হয়ে পড়েন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন উপাচার্যের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে। এখন উপাচার্যের কার্যালয়ের গেটে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
তিন দফা দাবির মধ্যে রয়েছে
১। মাসিক ভাতা ৫০ হাজার টাকা
২। নিয়মিত ভাতা প্রদান করা
৩। সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, গত অর্থবছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জার বিষয়। রেসিডেন্টদের মতো নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা।
ভাতার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা আশ্বস্ত করলেও বিএসএমএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা।
