নোয়াখালীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৪:১৫

নোয়াখালীর বেগমগঞ্জে প্যাথলজিক ল্যাব টেকনিশিয়ান দৌলতউজ্জামান জয়কে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিদের অনুপুস্থিতিতে নোয়াখালীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা সোমবার (১২ জুন) এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুরের আহাম্মদ উল্যার ছেলে মো. সোহরাব হোসেন (২৬), একই এলাকার আবুল কাশেমের ছেলে নওয়াজ শরীফ (২৬) ও ইসমাইল মিয়ার ছেলে মো. রিয়াজ (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যা ৬টায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে আসামিরা ডেকে নিয়ে যায়। তারা চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ মে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে  সোমবার এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি গুলজার আহমেদ জুয়েল বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা গ্রেপ্তার পর থেকে সাজা ভোগ করতে হবে। এ মামলায় মো. বেলাল নামে এক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

ইত্তেফাক/আরএজে