চার পেসার খেলানোর পরিকল্পনা টাইগারদের

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৫:৩৫

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের সকল প্রস্তুতিই সম্পন্ন করেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই টেস্টে চার পেসার খেলানোর পরিকল্পনায় রয়েছে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

আগামীকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় আফগান্দের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামবে টাইগার বাহিনী। ইনজুরির কারণে সাকিব আল হাসান না থাকায় লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। 

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এই টেস্ট নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান হাথুরুসিংহে। আফগানদের বিপক্ষে টেস্টের জন্য মিরপুরে সবুজ উইকেট তৈরি করা হয়েছে। আর এমন পিচে টিগার পেসাররা গতির ঝর তুলবে সেটা বলাই যায়। তাই এই টেস্টে চার পেসার নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ বলে জানান হাথুরু।  

হাথুরুসিংহে বলেন, 'আমাদের পেস ইউনিট এখন অনেক শক্তিশালী। আমাদের এখন ৭-৮ জন পেসার আছে যারা যে কোন সময় একাদশে সুযোগ পেতে পারে। এ টেস্টে চাইলেই আমরা ৪ পেসার খেলাতে পারি।'

টাইগার একাদশে চার পেসার খেলানো মানে সেখানে সবচেয়ে বড় নামটিই থাকতে হবে তাসকিন আহমেদের। তবে সদ্য ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদকে একাদশে রাখা হবে কিনা সেটি নিয়ে দ্বিধায় রয়েছেন টাইগার কোচ। 

তাসকিনকে খেলানোর ব্যাপারে হাথুরুসিংহে জানান, ‘তাসকিন আসলে ভালোভাবে অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। আমরা দেখেছি সে সেরা অবস্থায় আছে। আমরা তাকে খেলাতে চাইলে সে প্রস্তুত আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখব।’

ইত্তেফাক/এসএস