কুষ্টিয়ায় অপহৃত তরুণী উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৭:১০

কুষ্টিয়ার দৌলতপুর থেকে অপহৃত এক গৃহবধূকে ভেড়ামারা উপজেলার হরিপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে জেলার ভেড়ামারা উপজেলার হরিপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দৌলতপুর থানার নারী ও শিশু নির্যাতন আইন দমন আইনে অপহরণ মামলায় আসামি সজিব হোসেন (৩০) এবং তার ভাই আনিচ (৩৭) ভেড়ামারা উপজেলার হরিপুর গ্রামের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

তারা ঐ গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। এ সময় অপহৃত তরুণী মোছা. তানিয়া আফরিনকে (২৩) তাদের কবল থেকে উদ্ধার করা হয়। তানিয়া দৌলতপুর উপজেলার চামনা নারায়নপুর গ্রামের মো. সাহাজুল মণ্ডল কন্যা। উদ্ধার হওয়া তরুণী ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

উল্লেখ্য, গত ২৯ মে ঐ তরুণীকে অপহরণ করা হয়েছিল। সম্প্রতি ঐ তরুণী তার স্বজনদের ফোন করে বিস্তারিত জানায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সোমবার মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/পিও