সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণায় নগরী সরগরম। তীব্র গরম ও প্রখর রোদের পর বৃষ্টি ভেজা সিলেট নগরীতে স্বস্তি নেমেছে। কিন্তু আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি, মামলা-পাল্টা মামলায় আবারও উত্তাপ ছড়িয়েছে। আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর পদপ্রার্থী আফতাবকে ইসি ঢাকায় তলব করেছে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির বলেন, ‘সার্বিক পরিস্থিতি ভালো। সুষ্ঠুভাবে নির্বাচন করার সব ব্যবস্থা করছি। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে নির্বাচন কমিশন (ইসি) তলব করেছে।
জানা যায়, সিসিক নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেয়। এ ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ করেন। তদন্তে প্রতিবেদনে ঘটনার সত্যতা পায় কমিশন।
এরই পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে ১৪ জুন বিকাল ৩টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।
