১ উইকেটের অপেক্ষায় মিরাজ

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৩:৩৭

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে টাইগার বাহিনী। এদিকে এই ম্যাচের একাদশে থাকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অপেক্ষা বোলিংয়ে একটি উইকেটের জন্য। চলতি টেস্টে ১ উইকেট পেলেই তৃতীয় বোলার হিসেবে মিরপুরের ভেন্যুতে ৫০ উইকেট পাবেন করবেন মিরাজ। 

ইতোমধ্যে মিরপুরের ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও স্পিনার তাইজুল ইসলাম। 

২১ টেস্টে সাকিব নিয়েছেন ৭৬ উইকেট। ১৩ ম্যাচে ৬৭ উইকেট নেন তাইজুল। ৯ টেস্টে ৪৯ উইকেট আছে মিরাজের। সব মিলিয়ে ৩৮ টেস্টে ১৪৮ উইকেট আছে মিরাজের। 

২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে প্রথম টেস্ট খেলতে নামেন মিরাজ। ঐ টেস্টের দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ঐ টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছিলো বাংলাদেশ। ঐ ম্যাচ জিতে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। 

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের মাটিতে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন মিরাজ। ম্যাচের প্রথম ইনিংসে ৬ ও পরের ইনিংসে ১ উইকেট নেয় এই স্পিন অলরাউন্ডার। ঐ ম্যাচ ২২ রানে হেরেছিলো টাইগাররা। পুরো সিরিজে ১৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মিরাজ।

ইত্তেফাক/এসএস