১৪৬ রানে থামলেন শান্ত 

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬:০৪

আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন নাজমুল শান্ত। শতকের পরও ভালো সাবলীল ব্যাটিং করতে থাকেন এই ব্যাটার। তবে বাজে এক শট খেলে নিজের ব্যক্তিগত ১৫০ রানের আগেই সাজঘরে ফিরে গেছেন শান্ত। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাকির হোসেনকে হারিয়ে বড় একটা ধাক্কাও খায় টাইগাররা। 

দ্বিতীয় উইকেটে শান্ত আর জয় মিলে সেই ধাক্কা সামলে উঠে পাল্টা আক্রমণ করে আফগান বোলারদের। শান্তর ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে সঙ্গ দেওয়া জয়ের ধীরস্থির টেস্ট ব্যাটিং যেন দিশেহারা করে তোলে আফগান বোলারদের। শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি আর জয়ও তুলে নেয় ফিফটি।

এরপর দলীয় ২১৮ রানে ১৩৭ বলে ৭৬ রান করে আউট হন জয়। তার বিদায়ের পর ক্রিজে এসে মুমিনুল হক। তবে সুবিধা করতে পারেননি তিনি। ২৫ বলে মাত্র ১৫ রান করে ফিরে যান সাজঘরে।

এরপর ক্রিজে আসা মুশফিককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শতক হাঁকানো শান্ত। তবে ১৫০ রান থেকে ৪ রান দূরে থাকতে কাটা পড়েন এই ব্যাটার। দলীয় ২৭১ রানে ১৭৫ বলে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান শান্ত। শেষ খবর পর্যন্ত ৬০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে বাংলাদেশ।  

 

 

ইত্তেফাক/জেডএইচ