‘মারকিউলিস ওয়েব সিরিজটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় যাচ্ছে। এছাড়া সম্প্রতি কানাডার টরন্টোতে একটি সিরিয়ালের কাজ শেষ করেছি। যেটি আসছে ঈদে প্রচার হবে। পাশাপাশি কাল (আজ) ঈদের নতুন একটি কাজের শুটিং শুরু করব।’ নিজের ব্যস্ততা নিয়ে কথা কথাগুলো বলেন অভিনেতা মাজনুন মিজান। নাটক-টিভিসির পাশাপাশি চলচ্চিত্রেও দেখা মেলে এই অভিনেতার।
বড়পর্দার ব্যস্ততা নিয়ে তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেই দেশে ও দেশের বাইরে মুক্তি পেয়েছিল আমার অভিনীত জেকে ১৯৭১ সিনেমাটি। দর্শকমহলে দারুণ প্রশংসিতও হয়েছে। তবে আপাতত নতুন কোনো সিনেমার খবর নেই। যদিও একটি সিনেমায় কাজের কথা চলছে। হয়তো শিগগিরই ভালো খবর দিতে পারব।’
এদিকে মাজনুন মিজান সম্প্রতি ঘুরে এলেন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে। যেখান থেকে একাধিক অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি একটি সিরিয়ালের শুটিংও করেছেন তিনি।
এ প্রসঙ্গে মিজান বলেন, ‘সম্প্রতি কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুটি প্রোগ্রামে অংশ নিয়ে দেশে ফিরেছি। দুটি অনুষ্ঠানেই দেশের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে দুটি অনুষ্ঠান থেকেই অভিনয়ে অবদান রাখায় আমাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দুটি পুরস্কারই আমার জন্য আশীর্বাদ মনে হয়েছে। কারণ লস অ্যাঞ্জেলেসের যে প্রোগ্রাম থেকে আমাকে সম্মানিত করা হয়েছে সেটা হলো প্রতিবছরই আমাদের স্বাধীনতা দিবসে তারা একটি রোড শো আয়োজন করেন। বাইরের দেশের একটি রাস্তা ২-৩ কিলোমিটার আটকিয়ে এমন একটি রোড শো করা এবং বিভিন্ন দেশের মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছে, বাংলাদেশকে জানছে, যা সত্যি অনেক সম্মানের।’

ফারিণের ওপর ক্ষিপ্ত হয়েছেন ভক্তরা