৩৯ বছর পর বিরল ঘটনা আবারো দেখলো বিশ্ব ক্রিকেট

আপডেট : ১৪ জুন ২০২৩, ২০:০৮

৩৯ বছর পর দারুণ এক বিরল ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব। ১৯৮৪ সালের পর আবারও আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় শীর্ষ তিন স্থানেই আছে একই দেশের তিন ব্যাটার। তারা হলেন- অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। 

সর্বশেষ ১৯৮৪ সালে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় শীর্ষ তিনটি স্থান দখলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড ও ল্যারি গোমেজ। সদ্যই শেষ হয়েছে দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অজিদের দুই ব্যাটার হেড ও স্মিথ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন দু’জনে। হেড ১৬৩ ও স্মিথ ১২১ রান করেন। দ্বিতীয় ইনিংসে হেড ১৮ ও স্মিথ ৩৪ রান করেন। 

ফাইনালের মঞ্চে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আইসিসির সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদে উন্নতি হয়েছে হেড ও স্মিথের। ৮৮৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তালিকার দ্বিতীয়স্থানে উঠেছেন স্মিথ। ৮৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠেছেন হেড। ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে আগের থেকেই তালিকার শীর্ষে আছেন লাবুশেন। ফাইনালের দুই ইনিংসে ২৬ ও ৪১ রান করেছিলেন লাবুশেন। ১৯৮৪ সালে ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে গ্রিনিজ শীর্ষে, ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লয়েড এবং ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ছিলেন গোমেজ।   

বোলারদের মধ্যে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিওনের। চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এমন পারফরমেন্সে দুই ধাপ এগিয়ে ইংল্যান্ডের ওলি রবিনসনের সঙ্গে সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে সপ্তমস্থানে আছেন লিওন। ফাইনালে ৫ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। ফাইনাল খেলার সুযোগ না পেলেও ৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ৪৩৪ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

ইত্তেফাক/জেডএইচ