বগুড়ায় পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় ১২ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

আপডেট : ১৫ জুন ২০২৩, ০১:৫৫

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তালোড়া পৌরসভার ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। বুধবার এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এর আগের দিন মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

এবারের নির্বাচনে মেয়র পদে ছয় জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালোড়া পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুল জলিল খন্দকার। তিনি নির্বাচনে জগ প্রতীক নিয়ে লড়ছেন। এ ছাড়া তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকারও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি লড়ছেন নারকেলগাছ প্রতীক নিয়ে। আবদুল জলিল খন্দকারের সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার লড়ছেন ইস্ত্রি প্রতীক নিয়ে।  এ ছাড়া দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অন্তত ১০ জন নেতা প্রার্থী হয়েছেন।

 

ইত্তেফাক/ইআ