অতিথি আপ্যায়নে বা বিকেলে পরিবারের সদস্যদের জন্য প্রতিদিনই আপনাকে নাস্তা বানাতে হয়। কিন্তু একই নাস্তা তো সব সময় খেতে ভালো লাগে না। তাই নাস্তার স্বাদে ভিন্নতা আনা প্রয়োজন। ভিন্ন স্বাদের নাস্তার ৪টি পদের রেসিপি দিয়েছেন হাসিনা আনসার ও ছবি তুলেছেন তন্ময় মির্জা
স্পাইসি চিকেন ফ্রাই
উপকরণ :চিকেন ৮ পিস, অনিয়ন পাউডার ১ চা চামচ, রসুন বাটা ১ চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ গুঁড়া দেড় চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, সিরকা ২ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, চিনি সামান্য, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, ময়দা দেড় কাপ, বেকিং পাউডার আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি :মুরগির মাংসের পিস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ময়দা ও তেল বাদে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ময়দা মাখিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
ভারমিচিলি চিকেন নাগেটস
উপকরণ :মুরগির বুকের মাংস ১ পিস (কিউবকাট ৩/৪টি), সেমাই পরিমাণমতো, ডিম ১টি, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, সয়া সস ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি সামান্য, গরম মসলা গুঁড়া আধা চা চামচের কম, ওয়েস্টার সস আধা চা চামচ, চিলি সস আধা চা চামচ, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি :ডিম, তেল ও সেমাই বাদে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ৩০ মিনিট মেরিনেট করুন। ডিমে লবণ দিয়ে ফেটুন। মেরিনেট করা চিকেন ডিমে ডুবিয়ে সেমাইয়ে গড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন। গরম গরম পরিবেশন।
র্যাপ নুডলস চিকেন ফ্রাই
উপকরণ :ডিম ১টি, ম্যাগি নুডলস ২টি (সিদ্ধ), কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, চিকেন ৩০০ গ্রাম (লম্বা মোটা কাটা), আদা বাটা ১ চা চামচ, রসুন ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ২ চা চামচ, পেঁয়াজ গুঁড়া ১ চামচ, চিলি সস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, টমেটো সস ১ চা চামচ, ময়দা ৪ টেবিল, শাসলিকের কাঠি কয়েকটি।
প্রস্তুত প্রণালি :সিদ্ধ নুডলস কর্নফ্লাওয়ারে মেখে রাখুন, নুডলস, তেল ও শাসলিকের কাঠি বাদে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ৩০ মিনিট মেরিনেট করুন। মেরিনেট চিকেন শাসলিকের কাঠিতে গেঁথে সিদ্ধ নুডলস জড়িয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজুন, গরম গরম পরিবেশন করুন।
স্পাইসি রেড সস পাস্তা
উপকরণ :আস্ত শুকনা মরিচ ২/৩টি, অলিভ ওয়েল ৩ টেবিল চামচ, পেঁয়াজ ১টি (মাঝারি সাইজ), রসুন কুচি ১ টেবিল, ক্যাপসিক্যাম কুচি ১টি, পাস্তা দেড় কাপ, টমেটো ৪টি, চিলিসস আধা কাপ, টমেটো ক্যাচআপ আধা কাপ, চিজ পরিমাণমতো, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ৫/৬টি, মাশরুম আধা কাপ, পারসলে পাতা সামান্য, ইতালিয়ান মিক্সড হাবস ২/৩ চা চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি :পাস্তা ফুটানো লবণ পানিতে ১৪/১৫ মিনিট সামান্য তেল দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে ঝাঝরিতে ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পানি ঝরান। টমেটো ও শুকনা মরিচ (আস্ত) সিদ্ধ করে নিন। তারপর ব্লেন্ড করুন। প্যানে তেল দিন, পেঁয়াজ ও রসুন কুচি দিন, নাড়াচাড়া দিয়ে ক্যাপসিক্যাম দিন। ব্লেন্ড করা টমেটো দিন, মিক্সড ইতালিয়ান হার্বস, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, চিলি সস ও লবণ দিন। একটু শুকালে সিদ্ধ পাস্তা দিন, একটু সতে করে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন। ওপরে মোজারেলা চিজ ও পারসলে পাতা দিন।
