ব্য্যাটিংয়ে আফসোসের পর বোলিংয়ে স্বস্তি প্রথম সেশনে

আপডেট : ১৫ জুন ২০২৩, ১৫:৩৩

আগেরদিনের বড় ইনিংসের স্বপ্নের সঙ্গে দ্বিতীয়দিন আর তেমন কিছুই যোগ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানেই অলআউট হয়ে গেছে টাইগার বাহিনী। তবে ব্যাটিংয়ের সেই আফসোস দ্বিতীয়দিন প্রথম সেশনেই ভুলিয়ে দিলেন টাইগার বোলাররা। 

বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলামের বোলিং তোপে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুতেই চাপে পড়েছে সফরকারী আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৫ রান করেছে আফগানরা। ৭ উইকেট হাতে নিয়ে ৩৪৭ রানে পিছিয়ে আফগানিস্তান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান করেছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৪৬, মাহমুদুল হাসান জয় ৭৬ রানে আউট হন। দিন শেষে মুশফিকুর রহিম ৪১ ও মেহেদি হাসান মিরাজ ৪৩ রানে অপরাজিত ছিলেন। 

আজ, দ্বিতীয় দিন বাকী ৫ উইকেটে মাত্র ২০ রান যোগ করে বাংলাদেশ। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে আউট হন। এছাড়াও তাসকিন আহমেদ ২, তাইজুল শূন্য, শরিফুল ইসলাম ৬ রানে আউট হন। অভিষেক ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার নিজাত মাসুদ ৭৯ রানে ৫ উইকেট নেন। 

জবাবে নিজেদের ইনিংসের শুরুতেই এবাদত ও শরিফুলের বোলিং তোপে পড়ে আফগানিস্তান। ষষ্ঠ ওভারে ওপেনার ইব্রাহিম জাদরানকে ৬ রানে সাজঘরে পাঠান শরিফুল। এরপর আব্দুল মালিককে ১৭ ও রহমত শাহকে ৯ রানে আউট করেন এবাদত। ২ রানে অপরাজিত থেকে বিরতিতে গিয়েছেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। এবাদত ১৫ রানে ২ ও শরিফুল ৬ রানে ১ উইকেট নেন। 

ইত্তেফাক/এসএস