দিনের শুরুতেই আফগান পেসাররা বাংলাদেশকে ভয় ধরিয়েছিলো। টাইগার পেসাররা সেটির মোক্ষম জবাবই দিয়েছেন মিরপুরের উইকেটে গতির ঝড় তুলে। এবাদত আর শরিফুল মিলে শুরুতেই চেপে ধরেন আফগান ব্যাটিং লাইনআপকে। মাঝে নাসির জামাল আর আফসার জাজাই মিলে প্রতিরোধ গড়লেও তা আর টেকেনি টাইগার বোলারদের সামনে। দ্বিতীয় দিনে ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের করা ৩৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেসারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। দলীয় ৫১ রানে ৪ ব্যাটারকে হারায় আফগানিস্তান। এরপর নাসির জামাল ও আফসার জাজাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
পঞ্চম উইকেট জুটিতে ৬৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৬ রানে আউট হন এই দুই ব্যাটার। নাসির জামাল ৪৩ বলে ৩৫ ও আফসার জাজাই ৪০ বলে ৩৬ রান করে ফিরে যান সাজঘরে।
এরপর দ্রুতই আরও ৪ উইকেট হারালে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন নেন ৪টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজ নেন ২টি করে উইকেট।
