এবার রোহিঙ্গা নেতা অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ১৫ জুন ২০২৩, ২২:১৭

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বসতঘরে ডুকে এবার এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর তার পরিবারে কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে তারা। 

বুধবার (১৪ জুন) রাত ১০ দিকে টেকনাফের রেজিস্টার ক্যাম্পে এইচ ব্লকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুর রহমান।

অপহৃত মো. সেলিম (৫৫) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা ও মাঝি।

টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুর রহমান অপহৃত ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাত ১০ টার দিকে রোহিঙ্গা নেতা মো. সেলিমের বাড়িতে ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রহার করে বসতঘর থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত ভিকটিমের পরিবারের কাছে সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দিয়ে আসছে তারা।

টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পেট এপিবিএন কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মাঈন উদ্দিন জানান, সেলিম নামে এক মাঝি অপহরণের খবর পেয়ে তাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে। অপহৃতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম ক্যাম্পসহ আশপাশের পাহাড়ে অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

ইত্তেফাক/পিও