খুলনায় ট্রাকের চাপায় নারী নিহত

আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:২৫

খুলনায় ট্রাকের চাপায় হাসি বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর ফুলবাড়ী গেট সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসি বেগম নগরীর দৌলতপুর মহেশ্বর পাশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। স্বামী পরিত্যক্তা ওই নারীর একটি সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে হাসি বেগম রেলক্রসিং পার হওয়ার সময় শিরোমনি থেকে খুলনায় আসা ট্রাক (ঢাকা মেট্রো-ছ-৮৪-০২৩৬) তাকে ধাক্কা দেয়। পরে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলে হাসি বেগম মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন: মাদরাসা শিক্ষকের ছোড়া বেতে চোখ হারাল ছাত্র

খানজাহান আলী থানার এসআই আব্দুল হক জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকসহ চালকের সহকারী আবুল হোসেনকে আটক করা হয়েছে। তবে, চালক হাফিজুর রহমান পালিয়ে গেছে। মামলা হয়েছে। 

ইত্তেফাক/অনি