সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড.আশরাফ সিদ্দিকি, প্রক্টর ড.কামরুজ্জামান চৌধুরী ও সহকারী প্রক্টর মিজানুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর মোহাম্মদ শৈশব, বাংলা বিভাগের ইসমাইল হোসেন, রাকিবুজ্জামান, লোকপ্রশাসন বিভাগের ওমিও,আলমগীর, রফিকুলসহ আরও কয়েকজন।
জানা যায়, কয়েকজন বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড নিষেধ করেন। একপর্যায়ে বহিরাগতদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় কিছু শিক্ষার্থীও তাদেরকে ভেতরে যেতে বাঁধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবিপ্রবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন।
পরে আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এর মধ্যে শাবি শিক্ষারথীও রয়েছেন। আহতদেরসিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কামরুজ্জামান বলেন, স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হয়। এতে অনেকেই আহত হয়েছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত কমিশনার (মিডিয়া) সুদীপ্ত দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
