চার শিক্ষার্থীর মিডটার্ম পরীক্ষার নম্বরে অসঙ্গতির অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে এই অভিযোগ খতিয়ে দেখতে ঐ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
বৃহস্পতিবার সিন্ডিকেটের এক সাধারণ সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সিন্ডিকেট সদস্য। গত ২৫ মে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থী অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন।
এসব শিক্ষার্থীরা তাদের স্নাতক সপ্তম সেমিস্টারের সিআরএম ৪১১ নম্বর কোর্সের (লোকাল অ্যান্ড গ্লোবাল টেররিজম) মিডটার্ম পরীক্ষায় নম্বর অসঙ্গতি এবং ফাইনাল পরীক্ষার আগে সেশনাল নম্বর না দেওয়ার অভিযোগ আনেন। বিষয়টি নিয়ে গত ৭ জুন ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে হাই কোর্টে রিট আবেদন করেন আইনজীবী শামসুদ্দিন বাবুল। পরে ১২ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়কে তদন্ত করার নির্দেশ দেয়।
