বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব’। সাতটি দেশের মোট ৮টি দল অংশ নিয়েছে এই উত্সবে। উত্সবের ৬ষ্ঠ দিন আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ভিয়েতনামের লে নক থিয়েটারের পরিবেশনায় ‘দ্য ওয়াইল্ডার্নেস’ অবলম্বনে নাটক ‘কিম তু’।
আন্তর্জাতিক নাট্যোত্সবের শেষ দিনে আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে রাশিয়ার নিকোলাই জাইকভ থিয়েটার এর পরিবেশনায় ‘লাইট পাপেট শো’।
সপ্তাহব্যাপী এ উত্সবে দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত নাটক মঞ্চায়নের পাশাপাশি থিয়েটার সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিদিন নাটকের মঞ্চায়ণ শেষে মুক্ত আলোচনা ‘মিট দ্যা ডিরেকটর’ অনুষ্ঠিত হবে। উত্সব উপলক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিষয় ভিত্তিক ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।
উত্সবে এবার মঞ্চায়িত হয়েছে ফ্রান্সের থিয়েটার দ্য ভিদে লুসান এবং ইয়ং ভিক লন্ডন এর নাটক ‘ও মাই সুইট ল্যান্ড’, ভারতের কোরাস রেপার্টরি থিয়েটার এর পরিবেশনায় নাটক ‘ম্যাকবেথ’। বাংলাদেশের ‘অন্বেষা’ থিয়েটারের নাটক ‘জয়তুন বিবির পালা’। একই সময় ও স্থানে চীনের জোহো থিয়েটারের পরিবেশনায় নাটক ‘এফ সিকে’ মঞ্চস্থ হয়। গতকাল মঞ্চস্থ হয় নেপালের মান্ডালা থিয়েটারের নাটক ‘ঝিয়ালিঞ্চা (ড্রাগনফ্লাই)’।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের বাস্তবায়নে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় হচ্ছে এবারের আয়োজন।
