কয়েক মাস ধরেই দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ক্রিকেটের তিন ফরম্যাটে এমন সাবলীলভাবে শেষ কবে দেখা গেছে টাইগারদের তা মনে করতে অনেকটা মস্তিস্কের ওপর চাপ প্রয়োগ করতে হবে। তবে যাই হোক টাইগাররা এখন দলগত ভাবে দুর্বার গতিতেই ছুটছে। নিজেদের এমন ফর্মে বাংলাদেশ দল বেশ বড় স্বপ্নেই বিভোর রয়েছে আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। আর তাদের এমন স্বপ্নের আশা জোগাচ্ছেন দ্বিতীয় দফায় সাকিব-তামিমদের কোচ হয়ে আসা চন্ডিকা হাথুরুসিংহে। তার মতে বাংলাদেশের বর্তমান দলটাই দেশের ইতিহাসের সেরা দল।
চলমান মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপ কালে এই কথাই জানিয়েছেন হাথুরুসিংহে। এ সময় তিনি আরো জানান, এবারের এশিয়া কাপে বাংলাদেশের এমন কিছু করার সুযোগ রয়েছে যা আগে কখনো করেনি টাইগাররা। সে জন্য বাংলাদেশ নিজেদের সেরা প্রস্তুতিটাই নেবে। আসন্ন দুইটি বড় টুর্নামেন্ট নিয়ে টাইগার প্রধান কোচ বলেন, ‘সত্যি বলতে, আমরা এর মধ্যেই পরিকল্পনা ভাবতে শুরু করেছি যে আমাদের কী করতে হবে। বাংলাদেশের ক্রিকেট এখন খুব ভালো অবস্থায় আছে এদিক থেকে যে, আমার মনে হয়, ক্রিকেটারদের নিজেদের মধ্যে প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ এখন ইতিহাসের সেরা অবস্থানে আছে। ওদের মধ্য থেকে বাছাই করার জন্য এবং বিভিন্ন সংস্করণে ট্যাকটিক্যালি বিভিন্ন ভূমিকায় কাজে লাগানোর জন্য অনেক বিকল্প আমাদের আছে।’
বর্তমানে টাইগার শিবিরে এখন অভিজ্ঞ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ছাড়াও বিকল্প আরো অনেক পারফর্মার রয়েছেন। ফর্মের তুঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরাও। সেই সঙ্গে বল হাতে দূর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্ট ইউনিটও। তাই এই দল নিয়ে বড় পরিকল্পনা তো কোচ করতেই পারেন। এ নিয়ে হাথুরু বলেন, ‘বাংলাদেশ কখনো আগে যা করেনি, তা করার সেরা সুযোগ আমাদের আছে। পাশাপাশি এটাও বলতে হবে, অস্য দলগুলোও আমাদের মতো প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা কী করতে পারি এবং আমরা তা করার চেষ্টা করব।’
এদিকে হাথুরুসিংহের আগের মেয়াদে অভিষেক হয়েছিল লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। এখন তারা দায়িত্ব পালন করছেন দলের মূল ভূমিকায়। কোচ হিসেবে কেমন লাগে এমনটা জানতে চাওয়া হলে? হাথুরু বলেন, ‘এটা খুবই সন্তুষ্টির কারণ যখন আপনি কাউকে অভিষেকের কথা ভাববেন, একটা লক্ষ্য থাকতে হবে, অনেক কিছু ভাবনায়ও আনতে হবে। যখন আপনার সিদ্ধান্তের ব্যাপারে আত্মবিশ্বাস পাবেন তখন সেটা সন্তুষ্টিরই হবে। ’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে আসন্ন এশিয়া কাপের দিনক্ষণ। আগামী ৩১ আগস্ট থেকে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর মাঠে গড়াবে। তাই চলমান আফগানিস্তান সিরিজের শেষ হলেই এশিয়া কাপের প্রস্তুতি নেবে টাইগাররা। এছাড়া এর আগেই জানা গেছে এশিয়া কাপে যে দলটা খেলবে বাংলাদেশের সে দলটাই যাবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে যাবে।
