মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৬০০ রোগী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস রোগের চিকিৎসা পেয়েছেন। শনিবার (১৭ জুন) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।
জানা যায়, শনিবার উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্দরখোলা, মাদবরেরচর ও সন্ন্যাসীরচর ইউনিয়নের মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার আয়োজন করে শিবচর ডায়াবেটিক সমিতি। এদিন সকাল ৭টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তিন ইউনিয়নের ২৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও ৩৫০ জন রোগীর ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এদিন রোগীদের ডায়াবেটিস পরীক্ষার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে গ্লোকুমিটার বিতরণ করা হয়। এর আগে পল্লি চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেন চিফ হুইপের ছোট বোন ও শিবচর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম মিয়া, সাবেক পৌর প্রশাসক ও শিবচর ডায়াবেটিস সমিতির দাতা সদস্য মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও শিবচর ডায়াবেটিস সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইলিয়াস হোসেন পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তিন ইউনিয়নের সেক্টর কমান্ডার খায়রুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকী মুন্নি, শিবচর ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রিজিয়া বেগম মহিলা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ খান পিটার, কার্যকরী পরিষদের সদস্য মেহেবুবা রহমান তিশাসহ আরও অনেকে।
