নাঈম-আফিফকে দলে নেওয়ার কারণ জানালেন নান্নু

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৭:৩৩

ইতিহাস গড়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, রনি তালুকদার এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। তাদের পরিবর্তে দলে ফিরেছেন আফিফ হোসেন, তাসকিন আহমেদ ও নাইম শেখ।

এই তিন ক্রিকেটারের দলে ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মৃত্যুঞ্জয়কে তো আমরা নিয়েছিলাম তাসকিনের জায়গায়। রাব্বি আমাদের রাডারে রয়েছে, আমরা কয়েকজন খেলোয়াড়কে ঘুরে-ফিরে খেলিয়ে দেখছি।’

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এক সিরিজ পর আফিফের দলে ফেরা নিয়ে তিনি আরও বলেন, ‘আফিফ তো আগে থেকেই আমাদের সঙ্গে ছিল। মাঝখানে তাকে আমরা ডিপিএল খেলার সুযোগ করে দিয়েছিলাম। সেখানে সে ভালো ছন্দ খুঁজে পেয়েছে, এজন্য তাকে আবার ইন করিয়েছি।’

প্রায় দুই বছর পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ। প্রধান নির্বাচক বলেন, ‘সে (নাঈম) ডিপিএলে রান করেছে এবং যথেষ্ট ফর্মেও রয়েছে। আমরা এখন দুই ওপেনারের মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করছি। রনি যেহেতু টি-টোয়েন্টি খেলবে, সেজন্য এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তাকে দেখতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। তাই আমরা দলে একটু পরিবর্তন এনেছি।’ 

 

   

ইত্তেফাক/জেডএইচ