ক্যারিয়ারের শুরুর দিকে বাজে সময় কাটিয়েছেন লিটন দাস। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছেন ট্রোলের শিকার। এরপর বাজে সময়ে পেছনে ফেলে রানের ফোয়ারা ছুটিয়েছেন এই ব্যাটার। তার মতো অবস্থা ছিল আরেক টাইগার ব্যাটার নাজমুল হাসান শান্তরও। বর্তমানে সেরা সময় পার করছেন এই বাঁহাতি ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে জয় পাওয়া টেস্টে দুই ইনিংসে করেছেন সেঞ্চুরি। আর তাই শান্তর মধ্যে নিজেকে খুঁজে পেলেন লিটন।
জয়ের পর সংবাদ সম্মেলনে এসে শান্তর সাফল্য প্রসঙ্গে লিটন বলেন, 'দেখেন শান্তর জায়গায় আমিও ছিলাম কিছুদিন আগে। এসব নিয়ে শান্তর সঙ্গে আমার কথাবার্তাও হয়েছে। জানি না কতটুকু তাকে সাহায্য করেছে। তার হয়ত অনুশীলনের মেথড একটু বদল করেছে। আগে যেভাবে অনুশীলন করত এখন অনেক গুছানো। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকবেন নিয়মিত আপনি কিন্তু জানবেন আপনার ঘাটতি কি। কোন জায়গায় আপনি শক্তিশালী, কোন জায়গায় আপনি দুর্বল।'
তিনি আরও বলেন, 'সে (শান্ত) তার জিনিসটা খুব ভালোভাবে খুঁজে পেয়েছে। ওভাবেই অনুশীলন করেছে। এটা ভালো দিক। আমি চাইব ও যেভাবে খেলছে এটা যেন ধরে রাখে। খারাপ সময় আসবে-যাবে। ও যদি ধরে রাখতে পারে, কীভাবে সফল হয়েছে মনে রাখে তাহলে সাফল্য পাবে।'
